🌙 শান্তি ও সম্প্রীতির বার্তা: ঈদ উপলক্ষে রায়গঞ্জে যজ্ঞের আয়োজন
নিউস ডেস্ক !! পশ্চিমবঙ্গ সংবাদ: “ধর্ম যার যার, উৎসব সবার”—এই চিরাচরিত বাংলার সম্প্রীতির ছবি আবারও ফুটে উঠল পবিত্র ঈদ উপলক্ষে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে ঈদের দিন বিশ্বশান্তির বার্তা ছড়াতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। জানা গেছে, গত ছয় বছর ধরে ঈদের পুণ্যলগ্নে বিশ্বশান্তি কামনায় যজ্ঞের আয়োজন করে আসছেন তিনি। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। শনিবার সকাল ১১টা নাগাদ রায়গঞ্জের ভারত সেবাশ্রম সংঘে এই বিশেষ শান্তি যজ্ঞের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে জাতি-ধর্ম নির্বিশেষে বহু মানুষ অংশগ্রহণ করেন। সম্প্রীতির এই উদ্যোগে শামিল হয়ে সকলে একসঙ্গে বিশ্বে চলতে থাকা হিংসা ও হানাহানি বন্ধের প্রার্থনা করেন এবং এক শান্তিময় পৃথিবী গড়ার অঙ্গীকার নেন। অনুষ্ঠানে উপস্থিত সুস্মিতা বোস জানান, “ঈদ উপলক্ষে মোহাম্মদ শাহাবুদ্দিনের আমন্ত্রণে এখানে এসেছি। তিনি বিগত ছয় বছর ধরে এই শান্তি যজ্ঞের আয়োজন করছেন। আজ ঈদ—উনাদের উৎসব, আর আমাদের দুর্গাপূজা। আমরা নিজ নিজ ধর্মে থেকে ঈশ্বর ও আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে বিশ্বে হিংসা বন্ধ হয় এবং শান্তি প্রতিষ্ঠিত হয়।” শুধু যজ্ঞই নয়, এদিন রায়গঞ্জ শিশু সদন এবং ভারত সেবাশ্রম সংঘের আবাসিকদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থাও করেন আয়োজক পরিবার।
নিজের ধর্ম পালন করেও অন্যের উৎসবে সামিল হয়ে বিশ্বশান্তির বার্তা দেওয়ার এই উদ্যোগ বর্তমান সময়ে এক গভীর তাৎপর্য বহন করে। সম্প্রীতির এই আলোকবর্তিকা সমাজে ছড়িয়ে পড়ুক—এমনটাই আশা করছেন আয়োজকসহ উপস্থিত সকলেই।
📢 আরও আপডেট পেতে আমাদের ফলো করুন
👉 “পশ্চিমবঙ্গ সংবাদ” এর সঙ্গে থাকুন LATEST খবরের জন্য।


একটি মন্তব্য পোস্ট করুন